রদ্রির বিকল্প হিসেবে এনজোকে চায় ম্যানচেস্টার সিটি
প্রথম দর্পণ, স্পোর্টস ডেক্স||
প্রকাশিত: ৮ আগস্ট ২০২৬, দুপুর ৪:৪৭ সময়
ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিগো হার্নান্দেজ ‘রদ্রি’কে নিয়ে ইউরোপীয় ফুটবলে দলবদলের গুঞ্জন ক্রমেই জোরালো হচ্ছে। সিটি ছাড়লে রদ্রি রিয়াল মাদ্রিদে যেতে পারেন—এমন আলোচনা থাকলেও সাম্প্রতিক সময়ে বার্সেলোনার প্রতি তার আগ্রহ বেড়েছে বলে খবর এসেছে। কাতালান ক্লাবটিও তাকে দলে ভেড়াতে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে বলে জানা গেছে। তবে চলতি দলবদল মৌসুমে শেষ পর্যন্ত চুক্তিটি সম্পন্ন হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।রদ্রিকে হারানোর সম্ভাবনা মাথায় রেখে এরই মধ্যে বিকল্প পরিকল্পনা সাজাতে শুরু করেছে ম্যানচেস্টার সিটি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা ও ইতালিয়ান সাংবাদিক জিয়ানলুকা দি মার্জিওর তথ্য অনুযায়ী, রদ্রির সম্ভাব্য বিকল্প হিসেবে সিটির পছন্দের তালিকায় সবার ওপরে রয়েছেন চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।এনজোকে সিটির মিডফিল্ডে ‘স্বপ্নের সাইনিং’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। চেলসিতে এনজোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকায় সিটির কোচ এনজো মারেস্কার সঙ্গেও তার ভালো সম্পর্ক রয়েছে। এই বিষয়টিও সম্ভাব্য দলবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী এনজোও ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহী বলে জানা গেছে। অন্যদিকে চেলসি সন্তোষজনক প্রস্তাব পেলে এনজোকে নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত বলে খবর রয়েছে।তবে এনজোকে দলে টানা সিটির জন্য সহজ হবে না। ২০২৩ সালের জানুয়ারিতে বেনফিকা থেকে ১২ কোটি ১০ লাখ ইউরো খরচ করে তাকে দলে নেয় চেলসি। বর্তমানে ক্লাবটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। ফলে তাকে পেতে বড় অঙ্কের প্রস্তাব দিতে হতে পারে সিটিকে।এনজো ফার্নান্দেজের পাশাপাশি ফরাসি ক্লাব লিলের ১৮ বছর বয়সী প্রতিভাবান মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দির দিকেও নজর রয়েছে ম্যানচেস্টার সিটির। তবে প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা থাকায় এনজোকেই এগিয়ে রাখছে সিটি কর্তৃপক্ষ।রদ্রির ভবিষ্যৎ এবং তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে নতুন মিডফিল্ডার খোঁজার এই তৎপরতায় ম্যানচেস্টার সিটির স্কোয়াড পুনর্গঠনের প্রক্রিয়া গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।