রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিয়া গোলাম পরওয়ারের শোক
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, সকাল ৭:৭ সময়
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।সোমবার (১০ আগস্ট) দেওয়া এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।শোকবার্তায় মিয়া গোলাম পরওয়ার বলেন, রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একদল রেমিট্যান্স-যোদ্ধা প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর খবর অত্যন্ত হৃদয়বিদারক ও কষ্টদায়ক। এসব প্রবাসীর ওপর তাঁদের পরিবারের সদস্যরা অনেকাংশে, কোনো কোনো ক্ষেত্রে পুরোপুরি নির্ভরশীল ছিলেন। তাঁরা ছিলেন পরিবারের আশা-ভরসার স্থল। জীবিকার তাগিদে সুদূর পরবাসে গিয়ে এভাবে তাজা প্রাণ ঝরে পড়া স্বজনদের জন্য অপূরণীয় ক্ষতি।তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।মিয়া গোলাম পরওয়ার বলেন, মহান আল্লাহ যেন নিহতদের শহীদি মর্যাদা দান করেন এবং তাঁদের স্বজনদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তাওফিক দান করেন।শোকবার্তায় তিনি নিহত প্রবাসী শ্রমিকদের পরিচয় দ্রুত শনাক্ত করে তাঁদের মরদেহ অবিলম্বে দেশে ফিরিয়ে এনে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করার জন্য বাংলাদেশ সরকার ও সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতি আহ্বান জানান।একই সঙ্গে নিহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ ও সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানান তিনি।