ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তবে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।এর আগে রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে এবং গত ৩ আগস্ট প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে পৃথক বৈঠক করেন ভারতের হাইকমিশনার।এদিকে, সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কোনো ধরনের ব্রিফিং না করেই সচিবালয় ত্যাগ করেন দীনেশ ত্রিবেদী। বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের জানানো হয়, তিনি এ বিষয়ে কোনো কথা বলবেন না।এর আগে রোববার রাজধানীর কুড়িলে অবস্থিত ইন্ডিয়ান ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এ শিশুদের জন্য নির্মিত একটি খেলাঘর উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের দুই সরকারপ্রধান একসঙ্গে বসলে বিদ্যমান অনেক সমস্যার সমাধান সম্ভব হবে।তিনি আরও বলেন, উভয় দেশের প্রধানমন্ত্রীই অত্যন্ত জনবান্ধব। ফলে বিদ্যমান সংকটগুলোর ইতিবাচক সমাধানের বিষয়ে তিনি পূর্ণ আত্মবিশ্বাসী। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কোনো নেতিবাচকতা নেই বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, সবকিছুই ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে এগিয়ে যাচ্ছে।