বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বরিশাল সফরের দ্বিতীয় দিনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন। সোমবার (১০ আগস্ট) বরিশালের গৌরনদী উপজেলার সরিকলস্থ মন্ত্রীর বাসভবনে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।কূটনৈতিক ব্যস্ততা ও আনুষ্ঠানিকতার বাইরে মধ্যাহ্নভোজের আয়োজনটি বরিশালের মাটি, মানুষ ও স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের আন্তরিক পরিচয়ের সুযোগ তৈরি করে।মধ্যাহ্নভোজের আগে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন তথ্যমন্ত্রীর বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন।পরে অতিথিকে বরিশালের ঐতিহ্যবাহী বিভিন্ন দেশীয় খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। খাবারের তালিকায় ছিল ইলিশ, আইড়সহ বিভিন্ন ধরনের মাছের পদ, নানা রকম ভর্তা-ভাজি এবং গ্রামবাংলার পরিচিত বেশ কিছু দেশীয় খাবার।নদীমাতৃক বরিশালের অন্যতম ঐতিহ্য ইলিশসহ স্থানীয় নানা খাবারের আয়োজনের মধ্য দিয়ে মার্কিন অতিথির সামনে তুলে ধরা হয় বাংলাদেশের চিরায়ত আতিথেয়তা ও আঞ্চলিক খাদ্যসংস্কৃতির বৈচিত্র্য।মধ্যাহ্নভোজের শেষ পর্বে পরিবেশন করা হয় গৌরনদীর বিখ্যাত শচীন ঘোষের রসমালাই, দধিসহ বিভিন্ন ঐতিহ্যবাহী মিষ্টান্ন।বরিশালের মানুষের আন্তরিক আতিথেয়তা, স্থানীয় খাবারের বৈচিত্র্য এবং ঐতিহ্যবাহী মিষ্টান্নের স্বাদে মার্কিন রাষ্ট্রদূতের এ মধ্যাহ্নভোজ পরিণত হয় একটি ভিন্নধর্মী সাংস্কৃতিক অভিজ্ঞতায়।