ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনা-কল্পনার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়মিত কার্যক্রমেরই অংশ।মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।ডা. জাহেদ উর রহমান বলেন, জুলাই স্মৃতি জাদুঘরে সপ্তাহে এক দিন সরকারি উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনে মানুষের আত্মত্যাগ এবং এর তাৎপর্য সম্পর্কে জানানো হবে।জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন নিয়ে বিভিন্ন সময়ে নানা আলোচনা হয়েছিল উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, শেষ পর্যন্ত সেসব আশঙ্কা ভুল প্রমাণিত করে জাদুঘরটি চালু হয়েছে। উদ্বোধনের পরপরই জাদুঘরের ব্যবস্থাপনায় কিছুটা সমস্যা দেখা দিলেও বর্তমানে সেসব সমস্যার সমাধান করা হয়েছে।তিনি বলেন, জাদুঘরের ব্যবস্থাপনায় সাময়িক সমস্যার মূল কারণ ছিল দর্শনার্থীদের অতিরিক্ত চাপ। উদ্বোধনের পর থেকেই জুলাই স্মৃতি জাদুঘর ঘিরে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতির কারণে ব্যবস্থাপনায় কিছুটা চাপ সৃষ্টি হয়েছিল।তথ্য উপদেষ্টা জানান, বর্তমানে জাদুঘরের ব্যবস্থাপনা অনেকটাই গুছিয়ে আনা হয়েছে। শিক্ষার্থীদের জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনে মানুষের আত্মত্যাগ ও এর তাৎপর্য সম্পর্কে ধারণা দিতে সরকারি উদ্যোগে নিয়মিত স্কুল শিক্ষার্থীদের জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে।