আন্তর্জাতিক অভিষেকেই ফর্টিসের ঐতিহাসিক জয়
প্রথম দর্পণ, স্পোর্টস ডেক্স||
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, দুপুর ২:২২ সময়
আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ম্যাচেই স্মরণীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশের ঘরোয়া ফুটবল ক্লাব ফর্টিস এফসি। এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নিয়েছে দলটি।মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে ফর্টিসের হয়ে জয়সূচক গোলটি করেন মো. ইব্রাহিম।বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) গত মৌসুমে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন এবং ঢাকা আবাহনী রানার্সআপ হয়েছিল। তবে ফিফার নিষেধাজ্ঞার কারণে দুই দলই এবার এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিতে পারেনি। ফলে লিগে তৃতীয় হওয়া ফর্টিস পায় আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ।আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ আত্মবিশ্বাসের পরিচয় দেয় ফর্টিস। ম্যাচের শুরু থেকেই মুরাস ইউনাইটেডের ওপর চাপ তৈরি করে একের পর এক আক্রমণ চালায় তারা। ২২ মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি ওমর বাবু। তাঁর শট সাইড পোস্টে লেগে বাইরে চলে যায়।প্রথমার্ধে দুই দলই বেশ কিছু আক্রমণ চালালেও কোনো দল গোলের দেখা পায়নি।বিরতির পর ম্যাচের চিত্র কিছুটা বদলে যায়। মুরাস ইউনাইটেড বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করে। তবে ফর্টিসের শ্রীলঙ্কান গোলরক্ষক সুজন পেরেরার দৃঢ়তায় সেগুলো থেকে গোল আদায় করতে পারেনি কিরগিজস্তানের দলটি।ম্যাচের ৫২ মিনিটে ফর্টিসকে এগিয়ে দেন ইব্রাহিম। ওমর বাবুর থ্রু বল পেয়ে ডান পায়ে নিয়ন্ত্রণে নেন তিনি। এরপর বাঁ পায়ের নিখুঁত শটে মুরাসের জালে বল পাঠিয়ে উল্লাসে মাতান ফর্টিস সমর্থকদের।চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল ফর্টিস। তবে মুরাসের গোলরক্ষকের দুর্দান্ত সেভে সে যাত্রায় রক্ষা পায় সফরকারীরা।ম্যাচের ৭৪ মিনিটে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। বক্সের ভেতর ফর্টিসের এরিক বিস্তার হাতে বল লাগায় পেনাল্টি পায় মুরাস ইউনাইটেড। আতাবায়েভ এরবল স্পট কিক নিতে এগিয়ে এলেও গোল করতে পারেননি। তাঁর ডান পায়ের শট সাইড পোস্টে লেগে ফিরে আসে।শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফর্টিস। আন্তর্জাতিক ফুটবলে নিজেদের অভিষেকেই জয় এবং এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে ওঠার কৃতিত্ব অর্জন করল বাংলাদেশের ক্লাবটি।