ঢালিউডের নব্বই দশকের জনপ্রিয় ও ব্যবসাসফল জুটি সালমান শাহ ও শাবনূর। পর্দায় তাঁদের দুর্দান্ত রসায়নের পাশাপাশি বাস্তব জীবনেও দুজনকে ঘিরে নানা সময়ে নানা ধরনের আলোচনা ও গুঞ্জন ছড়িয়েছে। দীর্ঘদিনের সেই গুঞ্জন নিয়ে এবার নিজের বক্তব্য জানিয়েছেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী।নীলা চৌধুরীর দাবি, সালমান শাহ ও শাবনূরের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না। তাঁর ভাষ্য, সালমানের নিজের কোনো বোন না থাকায় শাবনূরকে তিনি ছোট বোনের মতোই স্নেহ করতেন। আদর করে শাবনূরকে ‘পিচ্চি’ বলে ডাকতেন সালমান। অন্যদিকে শাবনূরও বিভিন্ন প্রয়োজনে সালমানের ওপর নির্ভর করতেন। বড় ভাইয়ের মতোই সালমান তাঁকে আগলে রাখতেন।নীলা চৌধুরীর মতে, তাঁদের এই ঘনিষ্ঠ ও পারিবারিক সম্পর্ককে ভুলভাবে ব্যাখ্যা করে তৎকালীন কিছু মানুষ ও সংবাদমাধ্যম সালমান-শাবনূরের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল।এর আগে শাবনূর নিজেও একাধিকবার সালমান শাহর সঙ্গে প্রেমের সম্পর্কের খবর অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, সালমান ছিলেন তাঁর শ্রদ্ধেয় জ্যেষ্ঠ সহশিল্পী ও বড় ভাইয়ের মতো। প্রেমের গুঞ্জন তাঁকে দীর্ঘ ক্যারিয়ারে মানসিকভাবে কষ্ট দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। শুটিংয়ের সেটের বাইরেও সালমানের পরিবার ও তাঁর স্ত্রী সামিরার সঙ্গে শাবনূরের ভালো সম্পর্ক ছিল।সালমান শাহ ও শাবনূর জুটি হিসেবে ঢালিউডে ব্যাপক জনপ্রিয়তা পায়। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে সালমান শাহ মোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে ১৪টি চলচ্চিত্রে তাঁর নায়িকা ছিলেন শাবনূর। ‘তুমি আমার’ চলচ্চিত্রের মাধ্যমে তাঁদের জুটির যাত্রা শুরু হয়। পরে ‘সুজন সখী’, ‘আনন্দ অশ্রু’সহ বেশ কয়েকটি ব্যবসাসফল চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেন তাঁরা।জীবদ্দশায় সালমান শাহ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল ‘স্বপ্নের পৃথিবী’। তাঁর মৃত্যুর পর মুক্তি পায় ‘বুকের ভেতর আগুন’।১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ। তাঁর মৃত্যুর প্রায় তিন দশক পর সম্প্রতি চিত্রনায়ক ডনকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে সালমানের মৃত্যু ও তাঁকে ঘিরে পুরোনো নানা আলোচনা আবারও সামনে এসেছে।তবে সময়ের ব্যবধান যতই বাড়ুক, দর্শকের কাছে সালমান শাহ-শাবনূর জুটির জনপ্রিয়তা ও আবেদন এখনো অমলিন।