শেয়ারবাজারে বড় উত্থানের পর শেষ ঘণ্টায় ঢালাও দরপতন
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, বিকাল ৫:৫০ সময়
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের শুরুতে বড় ধরনের উত্থান দেখা দিলেও দিনের শেষ দিকে এসে পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। শেষ ঘণ্টায় অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম কমে যাওয়ায় দিনশেষে ডিএসইর সবকটি মূল্যসূচকই নিম্নমুখী হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও।বুধবার (১২ আগস্ট) দিনের শুরুতে ডিএসইতে প্রায় সবকটি ইস্যুর শেয়ার ও ইউনিটের দাম বাড়তে থাকে। এতে লেনদেনের শুরু থেকেই সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। একপর্যায়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪০ পয়েন্ট বেড়ে যায়।তবে দুপুর সাড়ে ১২টার পর বাজারের চিত্র দ্রুত পাল্টাতে শুরু করে। একের পর এক শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকা থেকে দরপতনের তালিকায় চলে আসে। শেষ ঘণ্টায় প্রায় ঢালাও দরপতনের ফলে দিনশেষে অধিকাংশ ইস্যুর দাম কমে যায় এবং সূচকও নিম্নমুখী হয়।দিনশেষে ডিএসইতে ১১৯টি ইস্যুর শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৩১টির এবং ৩৫টি ইস্যুর দাম অপরিবর্তিত রয়েছে।দরপতনের কারণে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৮৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ২ হাজার ২০০ পয়েন্টে নেমেছে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৮০ পয়েন্টে।সূচকের পাশাপাশি কমেছে ডিএসইর লেনদেনও। বুধবার বাজারটিতে মোট ১ হাজার ৭৩ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ১১৫ কোটি ৪২ লাখ টাকা। অর্থাৎ এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন কমেছে ৪১ কোটি ৬৯ লাখ টাকা।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনের চিত্র ছিল কিছুটা ভিন্ন। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৩৭ পয়েন্ট বেড়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৯২টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৪টির এবং ৩১টির দাম অপরিবর্তিত রয়েছে।সিএসইতে বুধবার মোট ১৭ কোটি ৯৯ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে সেখানে লেনদেন হয়েছিল ৭১ কোটি ২৪ লাখ টাকা।