সিরাজগঞ্জে ১৬ বছর পর তরিকুল হত্যা মামলার রায় ৪ জনের যাবজ্জীবন
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, দুপুর ১১:১৩ সময়
সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে তরিকুল ইসলাম হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন দীর্ঘদিনের এ মামলার রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন রায়গঞ্জ উপজেলার গ্রাম পাঙ্গাসী গ্রামের আব্দুল মান্নান ও হীরা মিয়া এবং সলঙ্গা থানার বোয়ালিয়ার চর এলাকার রফিকুল ইসলাম ও আব্দুল মজিদ। তবে মামলার অন্যতম আসামি আব্দুল মজিদ ইতোমধ্যে মারা গেছেন।মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ জানান, তরিকুল ইসলাম হত্যা মামলায় মোট ১৪ জনকে আসামি করা হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে চারজনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। অপর ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৩০ আগস্ট জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রায়গঞ্জে সাখাওয়াত হোসেনের ছেলে তরিকুল ইসলামের ওপর হামলা করা হয়। একপর্যায়ে তাকে মারধর করা হলে গুরুতর আহত অবস্থায় তিনি মারা যান।এ ঘটনায় নিহতের ভাই আব্দুল মন্নাফ বাদী হয়ে রায়গঞ্জ থানায় ১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে তদন্ত শেষে ২০১০ সালের ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।এরপর মামলাটির বিচার কার্যক্রম শুরু হয়। দীর্ঘ ১৬ বছর ধরে আদালতে সাক্ষ্যগ্রহণ ও বিভিন্ন পর্যায়ের আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মামলাটির রায় ঘোষণা করা হয়। রায়ে চার আসামির সাজা এবং বাকি ১০ জনকে খালাস দেওয়ার মধ্য দিয়ে বহুল আলোচিত মামলাটির বিচারিক কার্যক্রমের সমাপ্তি ঘটল।