রাজধানীতে নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, বিকাল ৬:৫২ সময়
রাজধানীর ভাটারা থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এম, রোড-২৮-এর একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।ভাটারা থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষে শোকদিবস পালনের প্রস্তুতি সভা এবং ঝটিকা মিছিল আয়োজনের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা ওই ফ্ল্যাটে সমবেত হয়েছিলেন। এ সময় তাদের হাতে প্ল্যাকার্ড ও ব্যানার ছিল এবং বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছিল।পরে ভাটারা থানা পুলিশের অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির সংশ্লিষ্ট ইউনিটগুলো নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে।