মালয়েশিয়া ও চীনের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজির গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, ঝু রংজির সময়ে গড়ে ওঠা সহযোগিতার ভিত্তি এখনো দুই দেশের সম্পর্ককে শক্তিশালী করতে ভূমিকা রাখছে।চীনের সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্কের স্মৃতিচারণ করে আনোয়ার ইব্রাহিম বলেন, তাদের যোগাযোগ শুধু রাষ্ট্রীয় ও কূটনৈতিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং ঝু রংজির সঙ্গে তার ছিল গভীর ও আন্তরিক সম্পর্ক। তিনি ঝু রংজিকে ‘ভালো বন্ধু’ হিসেবেও উল্লেখ করেন।চীনের অর্থনীতিকে বিশ্বব্যবস্থার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ঝু রংজি গত ১২ আগস্ট বুধবার ৯৭ বছর বয়সে মারা যান। তার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।আনোয়ার ইব্রাহিম স্মৃতিচারণ করে জানান, ঝু রংজি তাকে চীনা দার্শনিক কনফুসিয়াসের জন্মস্থান শানডং প্রদেশ, ঐতিহাসিক তাইশান পর্বত এবং চীনের বিখ্যাত নৌ-অভিযাত্রী অ্যাডমিরাল ঝেং হের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থান পরিদর্শনের ব্যবস্থা করেছিলেন।একবার আনোয়ার ইব্রাহিমের ব্যক্তিগত গ্রন্থাগার পরিদর্শনে গিয়ে ঝু রংজি নিজে পছন্দ করে কয়েকটি চীনা ধ্রুপদি বই উপহার দিয়েছিলেন। আনোয়ার জানান, বইগুলো এখনো তিনি যত্ন করে সংরক্ষণ করে রেখেছেন।ঝু রংজির মৃত্যুতে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়ংও শ্রদ্ধা জানিয়েছেন। তিনি ঝু রংজিকে সিঙ্গাপুরের ‘পুরোনো বন্ধু’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে দুই দেশের একটি বড় যৌথ অর্থনৈতিক প্রকল্প বাস্তবায়নে ঝু রংজির ভূমিকার কথাও স্মরণ করেন তিনি।১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ঝু রংজি। চীনের অর্থনৈতিক সংস্কার এবং দেশটির অর্থনীতিকে বিশ্ব অর্থব্যবস্থার সঙ্গে আরও শক্তভাবে যুক্ত করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট