গ্যাস সংকটের কারণে শিল্পকারখানায় যে দুর্ভোগ তৈরি হয়েছে, তা দীর্ঘদিনের সমস্যা বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, গ্যাসের সংকট কাটাতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও সরবরাহ সক্ষমতা বাড়াতে হবে। এসব অবকাঠামো নির্মাণ শেষ হলে আগামী দুই বছরের মধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বিগত বছরের বাস্তবায়ন মূল্যায়নবিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দীর্ঘদিনের গ্যাস সংকট কাটাতে গ্যাস আমদানি ও সরবরাহ অবকাঠামোর সক্ষমতা বাড়ানো জরুরি। এ লক্ষ্যে এলএনজি আমদানির পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।তিনি বলেন, প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে প্রায় দুই বছর সময় লাগতে পারে। এই সময় শিল্পখাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রচলিত ও জরুরি ব্যবস্থার বাইরে গিয়ে সংকট মোকাবিলায় কোনো বিকল্প সমাধান করা যায় কি না, সরকার সে বিষয়েও কাজ করছে।এ সময় বাণিজ্যমন্ত্রী সম্ভাব্য একটি উদ্যোগের কথা তুলে ধরে বলেন, মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাস থেকে বড় জাহাজে এলএনজি এনে সাগরে ছোট জাহাজে স্থানান্তরের মাধ্যমে দেশে গ্যাস সরবরাহ বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।কর্মশালায় কৃষি অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।