২১ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বরেকর্ড গড়ল স্পেন
প্রথম দর্পণ, স্পোর্টস ডেক্স||
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, দুপুর ৪:৪৬ সময়
ফুটবলের পর এবার ক্রিকেটেও অনন্য বিশ্বরেকর্ড গড়েছে স্পেন। আন্তর্জাতিক ক্রিকেটে টানা ২১ ম্যাচ অপরাজিত থেকে অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিয়েছে ইউরোপের দেশটি।২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’-এর ম্যাচে ফিনল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে এই রেকর্ড গড়ে স্পেন। ম্যাচে প্রথমে ব্যাট করে ফিনল্যান্ড ১৩১ রান সংগ্রহ করে। জবাবে ১৩২ রান করে মাত্র ২ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে স্পেন।তিন বছর আগে আইল অব ম্যানের বিপক্ষে শুরু হয়েছিল স্পেনের অপরাজিত থাকার এই যাত্রা। ফিনল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে তা ২১ ম্যাচে উন্নীত হয়েছে।এর আগে ২০০৩ সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল সব ফরম্যাট মিলিয়ে টানা ২০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল। সেই রেকর্ড এবার নিজেদের করে নিল স্পেন।শুধু সব ফরম্যাট মিলিয়ে নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ধারাবাহিক সাফল্য দেখিয়ে চলেছে স্পেন। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটের মর্যাদা পাওয়া দলটি এখন পর্যন্ত ৫০টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ৪১ ম্যাচেই জয় পেয়েছে তারা।ক্রিকেটে তুলনামূলকভাবে নবীন দল হলেও সাম্প্রতিক সময়ে স্পেনের এই ধারাবাহিক পারফরম্যান্স তাদের আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।