ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে এবং শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফেরত না দিলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না—সরকারের এমন অবস্থানকে স্বাগত জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান।রোববার (১৬ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।সাদিকুর রহমান খান লেখেন, শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ফেরত না দিলে তারেক রহমান ভারত সফরে যাবেন না। ভারতের মুখের ওপর এমন জবাব কোনো প্রধানমন্ত্রীকে এই প্রথম দিতে দেখেছেন বলেও মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, এদিন বাংলাদেশ শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষেই জয় পায়নি, বরং দেশের সার্বভৌমত্বের পথেও এক ধাপ এগিয়েছে।নিজের পোস্টে সরকারের বিভিন্ন বিষয়ে সমালোচনার কথাও উল্লেখ করেন সাদিকুর রহমান খান। তিনি বলেন, তেল, গ্যাস, সংস্কার কিংবা দুর্নীতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন এবং ভবিষ্যতেও করবেন। তবে দিল্লির ‘চোখ রাঙানি’ ও ‘বদমায়েশি’ উপেক্ষা করে দৃঢ় অবস্থান নিয়ে চোখে চোখ রেখে কথা বলার সাহস দেখানোর জন্য সরকারকে ধন্যবাদ জানান তিনি।দেশের স্বার্থের প্রশ্নে মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগ, শেখ হাসিনা ও দিল্লির প্রসঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাদিকুর রহমান খান।তিনি বলেন, ‘দিল্লি না ঢাকা’—এই প্রশ্নের জবাব জুলাইয়ে বাংলাদেশের মানুষ দিয়ে দিয়েছে। জনগণের সেই অবস্থানের প্রতিফলন সরকারের সাম্প্রতিক বিবৃতিতে দেখতে পাওয়াকে তিনি আনন্দের বিষয় হিসেবে উল্লেখ করেন।দীর্ঘ সময় পর স্বাধীনতার অনুভূতি আরও তীব্র হয়ে ধরা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।