রায়গঞ্জে এমপির গাড়িতে হামলার মামলায় জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সাংবাদিক নেতা গ্রেপ্তার
পারভেজ সরকার, স্টাফ রিপোর্টার||
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, সকাল ৫:৬ সময়
সিরাজগঞ্জের রায়গঞ্জে সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. গোলাম মুক্তাদিরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।গোলাম মুক্তাদির স্থানীয় পর্যায়ে জুলাই আন্দোলনে সরাসরি যুক্ত ছিলেন এবং আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন। পরবর্তীতে তিনি সাংবাদিকতা পেশার পাশাপাশি রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।এর আগে গত শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই রায়গঞ্জ থানায় মামলা করেন স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান।মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে।তবে গোলাম মুক্তাদিরের পরিবারের দাবি, হামলার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হককে নিরাপদে সেখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিলেন। তিনি হামলায় অংশ নেননি এবং কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডেও জড়িত ছিলেন না।পরিবারের পক্ষ থেকে ঘটনার সময়কার ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্য-প্রমাণ যাচাই করে গোলাম মুক্তাদিরের সংশ্লিষ্টতা নির্ধারণ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।এদিকে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাংবাদিক নেতারা তার গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।