স্ত্রীকে গরম পানি ঢেলে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
এইচএম মোকাদ্দেস, নির্বাহী সম্পাদক||
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, দুপুর ১০:৩৩ সময়
রাজধানীর কামরাঙ্গীচরে যৌতুকের দাবিতে স্ত্রী রুবিনা আক্তার পিংকিকে গরম পানি ঢেলে হত্যার দায়ে স্বামী মো. সানাউল্লাহকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৫ মে যৌতুকের দাবিতে স্ত্রী রুবিনা আক্তার পিংকিকে মারধর করেন সানাউল্লাহ। একপর্যায়ে কেরোসিনের চুলায় পানি গরম করে স্ত্রীর শরীরে ঢেলে দেন তিনি। এতে রুবিনার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।গুরুতর আহত অবস্থায় রুবিনার চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এ ঘটনায় নিহতের মা রাবিয়া আক্তার কামরাঙ্গীচর থানায় সানাউল্লাহসহ ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে একই বছরের ২০ নভেম্বর সানাউল্লাহকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ।চার্জশিটে সানাউল্লাহ ছাড়া অন্য নয় আসামির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়। পরবর্তী সময়ে মামলাটির বিচারিক কার্যক্রমে আদালতে মোট নয়জন সাক্ষী সাক্ষ্য দেন।সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথি পর্যালোচনা শেষে আদালত সানাউল্লাহকে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।