রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত ১
মোঃ রায়হান চৌধুরী, (নিজস্ব প্রতিবেদক)||
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, দুপুর ১০:৮ সময়
রাজবাড়ীর গান্ধীমারায় বিকল হওয়া ট্রাকের চাকা মেরামতের সময় পেছন থেকে অপর একটি ট্রাকের ধাক্কায় মো.নজরুল ইসলাম (২৮) নামের এক চালক নিহত হয়েছেন।মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধীমারী পাইকারামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. নজরুল ইসলাম বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে।নিহতের সহকারীর (হেলপার) ভাষ্যমতে, খুলনা মেট্রো-ট-১১-২২১৬ নম্বরের তুলাগাছবোঝাই ট্রাকটি বরিশালের গৌরনদী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পাইকারামোড় এলাকায় পৌঁছালে ট্রাকটির একটি চাকা পাংচার হয়ে যায়। চালক রাস্তার পাশে ট্রাকটি থামিয়ে চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় পেছন থেকে একটি অজ্ঞাতনামা ট্রাক সজোরে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে নজরুল ইসলাম ট্রাকের সামনের চাকার এক্সেলের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ও রেকার ব্যবহার করে তার লাশ উদ্ধার করেন। কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।গান্ধীমারা (পাংশা) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় রেকার ব্যবহার করে চালককে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’তিনি আরো জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।