ফরজ গোসল বাকি থাকা অবস্থায় নারীরা রান্নাবান্না, গৃহস্থালির কাজ কিংবা সন্তানকে দুধ পান করাতে পারবেন কি না—এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বিশিষ্ট ইসলামি আলোচক ও বক্তা শায়খ আহমাদুল্লাহ।সম্প্রতি এক অনুসারীর প্রশ্নের জবাবে তিনি বলেন, ফরজ গোসল বাকি থাকলে ইসলামে কিছু নির্দিষ্ট কাজ নিষিদ্ধ। তবে সাধারণ গৃহস্থালির কাজকর্ম করার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই।শায়খ আহমাদুল্লাহর দেওয়া ব্যাখ্যা অনুযায়ী, ফরজ গোসল বাকি থাকা অবস্থায় নামাজ আদায়, তাওয়াফ করা, মসজিদে অবস্থান করা, পবিত্র কোরআন স্পর্শ করা এবং কোরআন তিলাওয়াত করা নিষিদ্ধ। এসব কাজ ছাড়া অন্যান্য সাধারণ কাজ করা বৈধ।তিনি বলেন, কোনো নারী সহবাসের পর ফরজ গোসল করার আগে রান্নাবান্না করতে পারেন, ঘরের অন্যান্য কাজ করতে পারেন এবং সন্তানকে দুধ পান করাতেও কোনো বাধা নেই। এসব কাজ শরিয়তসম্মতভাবে জায়েজ।ফরজ গোসল নিয়ে সমাজে প্রচলিত কিছু ভুল ধারণার কথাও উল্লেখ করেন এই ইসলামি বক্তা। তিনি বলেন, অনেক ক্ষেত্রে ধর্মীয় বিধানের সঠিক জ্ঞান না থাকার কারণে নারীদের ওপর অপ্রয়োজনীয় কঠোরতা আরোপ করা হয়, যা পুরুষদের ক্ষেত্রে একইভাবে দেখা যায় না।তিনি আরও বলেন, কেউ সাহরি খেয়ে রোজা শুরু করার পর গোসল করলে তাতে রোজার কোনো সমস্যা হয় না। অর্থাৎ ফরজ গোসলের কারণে রোজা নষ্ট হয় না।তবে ফরজ গোসল যত দ্রুত সম্ভব সম্পন্ন করা উত্তম বলে উল্লেখ করেন শায়খ আহমাদুল্লাহ। কোনো কারণে গোসল করতে দেরি হলে এর আগে ওজু করে নেওয়া ভালো। সহিহ মুসলিমের হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, রাসুলুল্লাহ (সা.)-এর সময় গোসল ফরজ হওয়ার পর ঘুমানো বা অন্য কোনো কাজ করার আগে ওজু করার কথা জানা যায়। তবে ওজু না করলেও এজন্য গুনাহ হবে না।