পুলিশের মাঠপর্যায়ের দায়িত্ব থেকে সদর দপ্তর, মহানগর ও বিশেষায়িত ইউনিটে একযোগে কর্মকর্তাদের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও কর্মস্থলে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হয়েছে।বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ডিএমপি, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিআইডি, পুলিশ স্টাফ কলেজ ও র্যাবসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের দেশের বিভিন্ন জেলা ও সার্কেলে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে বান্দরবান, রাঙামাটি, চট্টগ্রাম, পটুয়াখালী, বাগেরহাট, সাতক্ষীরা ও বরিশালের বিভিন্ন সার্কেল রয়েছে।নতুন আদেশে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার মোস্তাফিজুর রহমান এবং এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান খানকে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তাদের টিআর পদে দায়িত্ব পালনের কথা বলা হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানাকে র্যাবে বদলি করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার আরিফা আশরাফ পিংকিকে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।এ ছাড়া রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলামকে বান্দরবান সদর সার্কেলে এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু তালেবকে পটুয়াখালীর কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।বদলির তালিকায় র্যাবের চার সহকারী পুলিশ সুপারও রয়েছেন। মো. মাহফুজুর রহমানকে রাঙামাটির বাঘাইছড়ি সার্কেল, এইচ এম গোলাম রাব্বিকে ঝিনাইদহের শৈলকুপা সার্কেল, এ আর এম মোজাফফর হোসেনকে চট্টগ্রামের মীরসরাই সার্কেল এবং মো. মশিহুর রহমান সোহেলকে বাগেরহাটের ফকিরহাট সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।অন্যদিকে ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম রানাকে বরিশালের মেহেন্দিগঞ্জ সার্কেলে এবং ঝিনাইদহের শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আখতারুজ্জামানকে সাতক্ষীরার তালা সার্কেলে বদলি করা হয়েছে।প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার হস্তান্তর না করলে ৩০ আগস্ট থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে নোয়াখালীর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার রবিউল আরাফাতকে রাঙামাটির বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।তাকে আগামী ২২ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার বুঝিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ২৩ আগস্ট থেকে তাকে তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।