রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চলছে, বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, সকাল ৮:২৬ সময়
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার জন্য ৩৪৯ জন সংসদ সদস্যের তালিকা প্রস্তুত করা হয়েছে। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেবেন। ভোটগ্রহণের জন্য তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স প্রস্তুত রাখা হয়েছে।ইসি জানিয়েছে, ভোটগ্রহণ শেষ হওয়ার পর জাতীয় সংসদের অধিবেশন কক্ষেই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের গেজেট প্রকাশ করা হবে।প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।এর আগে গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছিল।রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর পদটি শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।