প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন কয়েকজন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নতুন মন্ত্রী হওয়ার আলোচনায় থাকা ব্যক্তিরা রাজধানীর বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠানের অপেক্ষায় রয়েছেন।নতুন মন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।এদিকে বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পরিবর্তন আসতে পারে বলেও মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানিয়েছে। এর মধ্যে বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রয়েছে।মন্ত্রিসভায় নতুন সদস্য অন্তর্ভুক্তি ও দায়িত্ব পুনর্বণ্টনের মাধ্যমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমে নতুন গতি আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।শপথ অনুষ্ঠানের পর নতুন মন্ত্রীদের দায়িত্ব ও মন্ত্রণালয় বণ্টনসংক্রান্ত বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হবে।