অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সাম্প্রতিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ। একই সঙ্গে ইসরাইলি সেনাবাহিনীকে তিনি ‘সবচেয়ে অনৈতিক’ বাহিনী হিসেবে আখ্যায়িত করেছেন।শনিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলবানিজ বলেন, ‘সবচেয়ে অনৈতিক সেনাবাহিনী গণহত্যা চালিয়ে যাচ্ছে।’ তার অভিযোগ, ক্ষমতাসীনরা ইতিহাসের বিভিন্ন ঘটনার মতোই ভুক্তভোগীদের বাস্তবতা উপেক্ষা করছেন এবং তাদের জীবন ও আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার করতে অস্বীকার করছেন।আলবানিজ আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আট দশক পর এবং ওই যুদ্ধের পর গড়ে ওঠা মানবাধিকারের যুগে এ ধরনের ঘটনা আরও বেশি নিন্দনীয় ও ঘৃণ্য।তার পোস্টের সঙ্গে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে এক ফিলিস্তিনি ব্যক্তির নিহত হওয়ার ঘটনা নিয়ে করা আরেকটি পোস্টের ছবিও যুক্ত ছিল।ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, নিহত ওই ব্যক্তির নাম ফাতহি খাজেম। শুক্রবার জেনিনে নিজ বাড়িতে ইসরাইলি বাহিনীর গুলিতে তিনি নিহত হন বলে জানানো হয়েছে।ওয়াফার প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি বাহিনী ফাতহি খাজেমকে গ্রেপ্তারের চেষ্টা করলে তিনি প্রতিরোধ করেন। একপর্যায়ে সেনারা তাকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধারের জন্য একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলেও ইসরাইলি সেনারা সেটিকে সেখানে যেতে বাধা দেয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ফাতহি খাজেমের মৃত্যু হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।ওয়াফা আরও জানায়, পরে ইসরাইলি সেনারা তার মরদেহ নিয়ে যায়।ফাতহি খাজেমের মৃত্যুসহ পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনায় ইসরাইলি বাহিনীর কঠোর সমালোচনা করেছেন ফ্রান্সেসকা আলবানিজ। এসব ঘটনাকে ফিলিস্তিনিদের জীবন, অধিকার ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের ওপর গুরুতর আঘাত হিসেবে তুলে ধরেছেন তিনি।