চালকল মালিকদের কাছে চাঁদাদাবি ও হয়রানির প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা চালকল মালিক সমিতির উদ্যোগে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।রোববার (২৩ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন চালকল মালিক সমিতির নেতারা।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সরকারি আপৎকালীন খাদ্য মজুদ গড়ে তোলা এবং ধান-চালের বাজার স্থিতিশীল রাখতে সরকারের বিভিন্ন কর্মসূচিতে সহযোগিতা করে আসছেন তারা। সরকারি কর্মসূচির আওতায় চাল সরবরাহ করতে গিয়ে গত সাত-আট বছর ধরে প্রায় প্রতিটি মৌসুমে কেজিপ্রতি ৪ থেকে ৮ টাকা পর্যন্ত লোকসান গুনতে হয়েছে। এরপরও সরকারি স্বার্থে তারা চাল সরবরাহ অব্যাহত রেখেছেন। তবে বোরো-২০২৬ সংগ্রহ মৌসুমে কেজিপ্রতি ১ থেকে ২ টাকা লাভ হয়েছে বলে দাবি করেন তারা।চালকল মালিকদের অভিযোগ, রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার মোশাররফ হোসেন সরকারের ছেলে এস এম সোহাগ সরকার বিভিন্ন চালকল মালিকের কাছে চাঁদা দাবি ও হুমকি দিয়ে আসছেন। এর ফলে চালকল মালিকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন তারা।বক্তারা আরও বলেন, এ ধরনের হয়রানি ও চাঁদাদাবি বন্ধ না হলে রায়গঞ্জ উপজেলার ১৩৭টি চালকল বন্ধ রাখার মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন তারা।তবে চালকল মালিকদের এসব অভিযোগ অস্বীকার করেছেন এস এম সোহাগ সরকার। তিনি দাবি করেন, রায়গঞ্জে চালকলের লাইসেন্স এবং সরকারি চাল বরাদ্দে অনিয়মের অভিযোগ করায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।মানববন্ধনে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর রাজ্জাক, রায়গঞ্জ উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল মোতালেব শেখ, সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম সবুজ ও উপদেষ্টা কামরুল ইসলাম খন্দকার বাবলুসহ অন্যরা।