বৃহত্তর যশোর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ৯ সেপ্টেম্বর ২০২৬ থেকে এ রুটে সপ্তাহে তিন দিন ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।শনিবার, বুধবার ও বৃহস্পতিবার—এই তিন দিন ঢাকা-যশোর রুটে দুটি করে মোট ছয়টি ফ্লাইট পরিচালনা করা হবে। এ জন্য ৭২ আসনের এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ ব্যবহার করবে ইউএস-বাংলা।নতুন সময়সূচি অনুযায়ী, নির্ধারিত দিনগুলোতে প্রথম ফ্লাইট সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সকাল ১০টা ১৫ মিনিটে যশোরে পৌঁছাবে। এরপর একই উড়োজাহাজ সকাল ১০টা ৪৫ মিনিটে যশোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে সকাল ১১টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।দ্বিতীয় ফ্লাইটটি প্রতিদিন বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে বিকেল ৫টা ৩০ মিনিটে যশোরে পৌঁছাবে। পরে সন্ধ্যা ৬টায় যশোর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।ঢাকা-যশোর রুটে ইউএস-বাংলার সর্বনিম্ন একমুখী ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৪৯ টাকা। আর যাওয়া-আসার সর্বনিম্ন ভাড়া ১১ হাজার ৪৯৮ টাকা। এসব ভাড়ার সঙ্গে প্রযোজ্য ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত থাকবে।২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই দেশের অভ্যন্তরীণ বিমান যোগাযোগ সম্প্রসারণ এবং বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে ঢাকার দ্রুত ও নিরাপদ আকাশ যোগাযোগ প্রতিষ্ঠায় ভূমিকা রেখে আসছে সংস্থাটি।বর্তমানে ইউএস-বাংলা দেশের অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর ও রাজশাহীতে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় যশোরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, বৃহত্তর যশোর অঞ্চলের মানুষের বিমান যোগাযোগের চাহিদার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা, পর্যটন এবং দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে দ্রুত যোগাযোগের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে এ রুটে ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।যাত্রীদের চাহিদা ও বাজার পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যতে এ রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হবে বলে জানিয়েছে এয়ারলাইন্সটি।
ঢাকা-যশোর রুটের ফ্লাইটের বুকিং, সময়সূচি, ভাড়া ও অন্যান্য তথ্যের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের হটলাইন ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করা যাবে।