নিউজার্সির স্টুডিওতে নতুন গানে কণ্ঠ দিলেন শামস সুমন
প্রথম দর্পণ, বিনোদন ডেক্স||
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, রাত ৩:৪৪ সময়
সংগীতশিল্পী ও সুরকার শামস সুমন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অবস্থিত ‘আর্টল্যাব স্টুডিও’তে তাঁর নতুন মৌলিক গান ‘স্বপ্নচূড়া’র কণ্ঠধারণ করেছেন। গানটির কথা লিখেছেন রাজীব হাসান রাসেল। এতে সুর করেছেন শামস সুমন নিজেই এবং সংগীতায়োজন করেছেন রাজীব হাসান রাসেল।সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে গানটিতে কণ্ঠ দেন শামস সুমন। বর্তমানে তিনি তাঁর কর্মস্থল দুবাইয়ে ফিরে গেছেন।নতুন গান প্রসঙ্গে শামস সুমন বলেন, রাজীব হাসান রাসেলের লেখা গানটির কথা তাঁর হৃদয় ছুঁয়ে গেছে। সে কারণেই তিনি নিজেই গানটির সুর করেছেন। নিউজার্সির স্টুডিওতে কণ্ঠ দেওয়ার পর গানটি কয়েকবার শুনেছেন এবং তাঁর কাছে ভালো লেগেছে। শ্রোতা-দর্শকদের কাছেও গানটি ভালো লাগবে বলে আশা প্রকাশ করেন তিনি।এদিকে দেশের নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর জন্য সম্প্রতি তিনটি গানে সুর করেছেন শামস সুমন। গান তিনটির শিরোনাম—‘দুঃখের দলিল’, ‘আসলো না বৃষ্টি’ ও ‘ইচ্ছে করে’। তিনটি গানেরই কথা লিখেছেন গীতিকার গোলাম মোর্শেদ। সংগীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া।গানগুলোর সুর শুনে মুগ্ধ হয়ে ফাহমিদা নবী নিজেই গানগুলো গাওয়ার সম্মতি দেন। শামস সুমন জানান, গোলাম মোর্শেদ ও ফাহমিদা নবী দীর্ঘ ২৫ বছর ধরে একসঙ্গে কাজ করছেন। গোলাম মোর্শেদ শামস সুমনের সুর করা একটি গান ফাহমিদা নবীকে শোনালে সেটি তাঁর পছন্দ হয়। পরে আরও দুটি গান শোনানো হলে সেগুলোও পছন্দ করেন তিনি। এরপর তিনটি গানই কণ্ঠে তোলেন ফাহমিদা নবী।তিনটি গানই ফাহমিদা নবীর একক গান। এরই মধ্যে গানগুলোর মিউজিক ভিডিওর কাজও শেষ হয়েছে। শিগগিরই গানগুলো প্রকাশ করা হবে বলে জানা গেছে।