রায়গঞ্জের আলোচিত হত্যা মামলায় পুলিশের বড় সাফল্য, গ্রেপ্তার প্রধান আসামি
পারভেজ সরকার, স্টাফ রিপোর্টার||
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, সকাল ৮:৩৯ সময়
সিরাজগঞ্জের রায়গঞ্জে এইচএসসি শিক্ষার্থী আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামি মো. রিপন সরকার ওরফে টিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (২৬ আগস্ট) গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রিপন সরকারকে গ্রেপ্তার করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ১৪ জুলাই রাতে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ধানগড়া উত্তরপাড়া এলাকায় আব্দুর রহমান ও তাঁর বড় ভাই হাসানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুলাই আব্দুর রহমানের মৃত্যু হয়। এ ঘটনায় ১৮ জুলাই রায়গঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার রিপন সরকার (৩৯) ধানগড়া উত্তর গ্রামের তারা মিয়া সরকারের ছেলে।সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।#