২২৫ কোটি রুপিতে নতুন রূপে ‘মান্নাত’, শিগগিরই ফিরছেন শাহরুখ
প্রথম দর্পণ, বিনোদন ডেক্স||
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, সকাল ৮:৫৫ সময়
বলিউড তারকা শাহরুখ খানের মুম্বাইয়ের বান্দ্রার ঐতিহ্যবাহী বাসভবন ‘মান্নাত’-এর সংস্কারকাজ শেষ পর্যায়ে। ছয়তলা ভবনটি দুই তলা বাড়িয়ে আটতলায় উন্নীত করার পাশাপাশি পুরো ভবনটি আধুনিকায়নে আনুমানিক ২২৫ কোটি রুপি ব্যয় হচ্ছে বলে বলিউডে আলোচনা রয়েছে। প্রায় দেড় বছর ধরে চলা সংস্কারকাজ শেষ হলে শিগগিরই এই বাসভবনে ফিরবেন শাহরুখ খান।১৯১৪ সালে নির্মিত প্রায় আড়াই হাজার বর্গমিটার আয়তনের ‘মান্নাত’ মুম্বাইয়ের অন্যতম পরিচিত ঐতিহ্যবাহী স্থাপনা। শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরী খান নিজেদের পছন্দ অনুযায়ী ভবনটির নকশা ও অভ্যন্তরীণ সাজসজ্জায় পরিবর্তন এনেছেন। গৌরী খান নিজেও স্থাপত্য ও অভ্যন্তরীণ নকশার সঙ্গে যুক্ত। তবে সংস্কারকাজে দেশ-বিদেশের একাধিক স্থপতির পরামর্শ নেওয়া হয়েছে।সংস্কারের পরিকল্পনা নেওয়ার পর হেরিটেজ স্থাপনা হওয়ায় প্রশাসনিক অনুমোদন পেতে শাহরুখ-গৌরীকে নানা জটিলতার মুখে পড়তে হয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং শেষ পর্যন্ত প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর সংস্কারকাজ এগিয়ে নেওয়া সম্ভব হয়।সংস্কারকাজ চলাকালে শাহরুখ খান মুম্বাইয়ের পালি হিল এলাকায় অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানির একটি বাড়িতে ভাড়া থাকছেন। তিন বছরের লিজে নেওয়া ওই বাড়িটির মাসিক ভাড়া ১১ লাখ ৫৪ হাজার রুপি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।ইতিমধ্যে ‘মান্নাত’-এর নতুন দুটি তলার নির্মাণকাজ শেষ হয়েছে। বাকি সংস্কারকাজ আগামী দুই থেকে তিন মাসের মধ্যে শেষ হওয়ার কথা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আসন্ন দীপাবলিতে শাহরুখ খানকে আবারও ‘মান্নাত’-এর বিখ্যাত ব্যালকনিতে দেখা যেতে পারে।সংস্কার শেষে নতুন সাজে ‘মান্নাত’ শুধু শাহরুখের আবাসস্থল হিসেবেই নয়, তাঁর কোটি ভক্তের আগ্রহের কেন্দ্র হিসেবেও আবারও আলোচনায় আসতে পারে।