২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৪২, চলতি মাসে মৃত্যু ৩৪দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪২ জন। এ সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে চলতি আগস্টের ২৮ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ২৮০ জন এবং মারা গেছেন ৩৪ জন।শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ৬৩ জন, চট্টগ্রামে ৯৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৩ জন, ময়মনসিংহে ৪৮ জন এবং রংপুরে ২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৪৫ জন।৮৮ মৃত্যু চলতি বছরেস্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩২ হাজার ৫৯০ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৮৮ জনের।মৃতদের মধ্যে জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জন মারা গেছেন। আগস্টে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৪ জনের।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬১ দশমিক ৯ শতাংশ এবং নারীর হার ৩৮ দশমিক ১ শতাংশ।