প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও তদন্তে দৃশ্যমান অগ্রগতির দাবি নিহতদের প্রবাসী কন্যাদেরসিলেট নগরীর রায়নগরের চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন নিহতদের প্রবাসী কন্যারা। মানববন্ধন থেকে আগামী তিন দিনের মধ্যে হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।শুক্রবার দুপুরে সিলেট মহানগরীর শাহী ঈদগাহ প্রাঙ্গণে বৃহত্তর শাহী ঈদগাহবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব ও সমাজসেবক হেলাল চৌধুরী। স্থানীয় ব্যবসায়ী সোহাগ আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন নিহত দম্পতির কন্যা তাহমিনা সাত্তার এনি ও সেলিনা সুলতানা শিখা।মানববন্ধনে নিহত পরিবারের সদস্যরা বলেন, গত ১২ আগস্ট নগরীর রায়নগরের মিতালী এলাকায় নৃশংসভাবে তিনজনকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড সিলেটের পাশাপাশি দেশ-বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক উদ্বেগ তৈরি করেছে।নিহতদের কন্যারা বলেন, হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সময়ে হত্যার কারণ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে। ঘটনার দিন পুলিশের পক্ষ থেকে প্রেমের সম্পর্ককে হত্যাকাণ্ডের কারণ বলা হলেও পরে খারাপ ব্যবহারের কারণে হত্যার কথা বলা হয়। সর্বশেষ চুরি বা বাসাভাড়ার টাকা জোগাড় করতে গিয়ে হত্যাকাণ্ড ঘটেছে—এমন বক্তব্যও সামনে এসেছে। এতে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিয়ে তাদের মধ্যে গভীর সংশয় তৈরি হয়েছে।তারা সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান। একই সঙ্গে তদন্তের নামে কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানি বা শাস্তির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তারা।তদন্তে অগ্রগতি নেই, অভিযোগ স্বজনদেরমানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের প্রায় তিন সপ্তাহ পার হলেও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও সিলেটবাসীর মধ্যে প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে বলে দাবি করেন তারা।দ্রুত তদন্ত শেষ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তারা বলেন, তদন্তে গাফিলতি বা দীর্ঘসূত্রতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।মানববন্ধন থেকে প্রশাসনকে তিন দিনের সময়সীমা দেওয়া হয়। বক্তারা বলেন, আগামী তিন দিনের মধ্যে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।মানববন্ধনে এলাকার বিশিষ্ট মুরব্বি মিল্লাত আহমেদ, সুয়েব আহমদ, রুবেল আহমেদ, ফাহিদ আহমদ, তানভীর আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।