যুদ্ধ-নৌ অবরোধেও ইরানের তেল আয়ে বাজেট লক্ষ্যমাত্রার ৯৯ শতাংশ অর্জন
প্রথম দর্পণ, আন্তর্জাতিক ডেস্ক||
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, সকাল ৮:১৬ সময়
যুদ্ধ ও নৌ অবরোধের মধ্যেও তেল বিক্রি থেকে নির্ধারিত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা প্রায় পূরণ করেছে ইরান। চলতি বছরের প্রথম চার মাসে দেশটির বাজেটে নির্ধারিত তেল রাজস্বের ৯৯ শতাংশ অর্জিত হয়েছে বলে জানিয়েছে ইরানের পেট্রোলিয়াম মন্ত্রণালয়।বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনের বরাতে আলজাজিরা জানিয়েছে, বাজেটের অর্থায়ন অব্যাহত রাখতে ইরানের কাছে বিক্রিযোগ্য পর্যাপ্ত তেল মজুত রয়েছে। ফলে চলমান যুদ্ধ ও নৌ অবরোধের মধ্যেও তেল বিক্রি থেকে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতে সক্ষম হচ্ছে দেশটি।পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বছরের প্রথম চার মাসে তেল বিক্রি করে ইরান ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করেছে। ইতোমধ্যে এই অর্থ দেশটির কেন্দ্রীয় ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।মন্ত্রণালয় জানিয়েছে, তেল বিক্রি থেকে পাওয়া এই অর্থ দিয়ে আগামী জানুয়ারি পর্যন্ত সরকারের বৈদেশিক মুদ্রাভিত্তিক ব্যয় মেটানো সম্ভব হবে।বিশ্লেষকদের মতে, যুদ্ধ ও নৌ অবরোধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তেল রাজস্বের লক্ষ্যমাত্রার প্রায় পুরোটা অর্জন ইরানের অর্থনীতিতে তেল খাতের গুরুত্ব এবং দেশটির বিদ্যমান তেল মজুতের সক্ষমতাকে তুলে ধরে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রার প্রবাহ বজায় থাকায় সরকারের প্রয়োজনীয় ব্যয় নির্বাহে তাৎক্ষণিক চাপ কিছুটা কমতে পারে।সূত্র: আলজাজিরা ও ফার্স