বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর অকালমৃত্যুর পর তাঁর বেশ কিছু সিনেমার কাজ অসমাপ্ত থেকে যায়। এর মধ্যে ‘কে অপরাধী’ সিনেমাটিও ছিল অন্যতম। সালমান শাহর মৃত্যুর পর সিনেমাটির বাকি অংশের কাজ শেষ করতে অভিনয়ে যুক্ত হয়েছিলেন চিত্রনায়ক ওমর সানি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির একটি অফিসিয়াল পোস্টার প্রকাশ করে সেই সময়ের স্মৃতি তুলে ধরেছেন তিনি।ওমর সানি জানান, সিনেমাটির পরিচালক উত্তম আকাশের প্রায় সব ছবিতেই তিনি অভিনয় করেছেন। তবে ‘কে অপরাধী’ নির্মাণের সময় তাঁর অন্য শিডিউল থাকায় শুরুতে সিনেমাটিতে কাজ করতে পারেননি। পরে সিনেমাটিতে যুক্ত হন সালমান শাহ।সানির ভাষ্য অনুযায়ী, সালমান শাহ সিনেমাটির প্রায় ৬০ শতাংশ শুটিং শেষ করেছিলেন। কিন্তু তাঁর আকস্মিক মৃত্যুর কারণে সিনেমাটির নির্মাণকাজ থেমে যায়।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ওমর সানি লেখেন, ‘উত্তম দা (পরিচালক উত্তম আকাশ), আমি তার সব ছবির আর্টিস্ট। কিন্তু এই ছবি যখন তৈরি হচ্ছিল, আমার অন্য শিডিউল ছিল, তাই তখন করা হয়নি।’সালমান শাহর মৃত্যুর প্রসঙ্গে তিনি আরও লেখেন, ‘কিন্তু ভাগ্যের কী পরিহাস! সালমান এই ছবির শুটিং করেছে প্রায় ৬০ শতাংশ, তখন সালমান শাহ হত্যার শিকার হন।’পরবর্তী সময়ে পরিচালক উত্তম আকাশ আবারও ওমর সানিকে সিনেমাটির বাকি অংশের কাজ শেষ করার প্রস্তাব দেন। সেই স্মৃতি তুলে ধরে সানি বলেন, ‘তখন উত্তম আকাশ দা আমাকে আবার অফার করলেন। আমি বাধ্য হয়ে এই ছবি শেষ করি।’সিনেমাটিকে নিজের অভিনয়জীবনের একটি বিশেষ অধ্যায় হিসেবে উল্লেখ করে ওমর সানি বলেন, ‘এই ছবি আমার আর শাবনূরের আরেকটি ইতিহাস।’পোস্টের শেষ দিকে প্রয়াত অভিনেতা সালমান শাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর জন্য দোয়া করেন ওমর সানি। তিনি লেখেন, ‘আল্লাহ সালমান শাহকে জান্নাত নসিব করুন।’সালমান শাহর অকালমৃত্যু এখনও তাঁর সহকর্মী ও অসংখ্য ভক্তের মনে গভীর আবেগ ও বেদনার জন্ম দেয়। ‘কে অপরাধী’ সিনেমার সঙ্গে নিজের সম্পৃক্ততার স্মৃতিচারণ করে ওমর সানি আবারও সেই সময়ের স্মৃতি সামনে আনলেন।