চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় ট্রলিং বোট ও জাল জব্দ
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, দুপুর ২:৪৬ সময়
ভোলার চরফ্যাশনে অভিযান চালিয়ে একটি ভারতীয় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও আটটি ট্রলিং জাল জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার রাতে দুলারহাট থানার মায়া নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুলারহাট থানাধীন মায়া নদীতে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ডের আউটপোস্ট লালমোহন ও চরমানিকা। অভিযানের সময় ওই এলাকা থেকে একটি আর্টিসানাল ট্রলিং বোট ও আটটি ট্রলিং জাল জব্দ করা হয়।পরে উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে জব্দ করা ট্রলিং বোটটি ভারতীয় বলে নিশ্চিত হওয়া যায়।কোস্ট গার্ডের প্রাথমিক ধারণা, কয়েকজন অসাধু বাংলাদেশি ব্যক্তি অবৈধভাবে বোটটি বাংলাদেশে নিয়ে এসে সেটি ব্যবহার করে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। অভিযান পরিচালনার সময় কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোটে থাকা জেলেরা পালিয়ে যান। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।জব্দ করা ভারতীয় আর্টিসানাল ট্রলিং বোট ও আটটি ট্রলিং জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।