মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর একের পর এক হামলার ঘটনা এবং দেশটিতে ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতার মধ্যে কঠোর নিরাপত্তাব্যবস্থার আওতায় অনেকটা লোকচক্ষুর আড়ালে জীবন কাটাচ্ছেন তাঁর কনিষ্ঠ ছেলে ব্যারন ট্রাম্প। ২০ বছর বয়সী ব্যারনের চলাফেরাও বর্তমানে বেশ সীমিত।ট্রাম্পের ঘনিষ্ঠ এক ব্যক্তি মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য পোস্ট’কে জানিয়েছেন, ব্যারন এখন প্রায় কোথাও বাইরে যান না। নিউইয়র্ক ইউনিভার্সিটিতে দ্বিতীয় বর্ষের পড়াশোনা শেষ করা ব্যারন গ্রীষ্মের বড় একটি সময় তাঁর মা, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে নিউ জার্সির ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব বেডমিনস্টারে কাটিয়েছেন। আরেকটি সূত্রও জানিয়েছে, ব্যারন স্বভাবগতভাবেই বেশ গুটিয়ে থাকা মানুষ।নিরাপত্তা নিয়ে উদ্বেগ২০২৪ সালের জুলাই থেকে এখন পর্যন্ত অন্তত তিনটি হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে ২০২৪ সালের জুলাইয়ে পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হওয়ার ঘটনা, একই বছরের সেপ্টেম্বরে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে গলফ কোর্সে হামলার চেষ্টা এবং চলতি বছরের ২৫ এপ্রিল হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে বন্দুকধারীর হামলার ঘটনা রয়েছে।তবে শুধু ট্রাম্পই নন, তাঁর পরিবারের সদস্যদেরও হুমকির মুখে পড়তে হয়েছে। সম্প্রতি ইরানের কট্টরপন্থীদের পক্ষ থেকে ‘কোথায় ব্যারন ট্রাম্পকে হত্যা করা হবে’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ওই ভিডিওতে দাবি করা হয়, তারা ব্যারনের গতিবিধি অনুসরণ করছে। একই সঙ্গে তাঁর মাথার জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।ব্যারনের মা মেলানিয়া ট্রাম্পও এসব কট্টরপন্থীর টার্গেটে রয়েছেন বলে জানা গেছে। গত এপ্রিলের করেসপন্ডেন্টস ডিনারেও তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন।চার্লি কার্কের হত্যাকাণ্ডেও মর্মাহত ব্যারনরক্ষণশীল কর্মী চার্লি কার্কের সঙ্গে ব্যারনের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। তবে ২০২৫ সালের সেপ্টেম্বরে কার্ক হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর ব্যারন গভীরভাবে মর্মাহত হন।লেখক ম্যাগি হ্যাবারম্যান ও জোনাথন সোয়ানের সাম্প্রতিক বই ‘রিজিম চেঞ্জ’-এ প্রকাশিত এবং ‘দ্য পোস্ট’-এর নিশ্চিত করা তথ্য অনুযায়ী, কার্কের মৃত্যুর খবর বাবাকে জানানোর সময় ব্যারন বলেছিলেন, ‘বাইরে বের হলেই এই ধরনের পরিণতি হয়।’ব্যারনের ব্যক্তিগত জীবন নিয়ে গোপনীয়তার অনুরোধসাম্প্রতিক হুমকির বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যারনের ব্যক্তিগত জীবন ও চলাফেরা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ না করার জন্য সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে ফার্স্ট লেডির কার্যালয়। একই সঙ্গে তাঁর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।ছেলেকে নিয়ে শুরু থেকেই বেশ সুরক্ষামূলক মনোভাব পোষণ করেন মেলানিয়া ট্রাম্প। ২০২২ সালের মার্চে ব্যারনের ১৬ বছর পূর্ণ হওয়ার পর তাঁর জন্য সিক্রেট সার্ভিসের নিরাপত্তাব্যবস্থা বাতিল হওয়ার কথা ছিল। সে সময় ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ছিলেন না। তবে মেলানিয়া ট্রাম্প তাঁর কার্যালয়ের মাধ্যমে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ব্যারনের নিরাপত্তার মেয়াদ বাড়ানোর অনুরোধ জানান। সাবেক এক কর্মকর্তা জানিয়েছেন, বাইডেন প্রশাসন দ্রুত সেই অনুরোধ অনুমোদন করে।বাইরে না যাওয়ার সিদ্ধান্তকে সম্মান করেন মেলানিয়াগত জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অভিষেক উপলক্ষে প্রস্তুতি নিয়ে নির্মিত নিজের প্রামাণ্যচিত্রেও ব্যারনের লাজুক স্বভাবের কথা উল্লেখ করেছিলেন মেলানিয়া।তীব্র শীতের কারণে শেষ পর্যন্ত অভিষেক অনুষ্ঠান ঘরের ভেতরে সরিয়ে নেওয়া হয়। এর আগে পেনসিলভানিয়া অ্যাভিনিউ দিয়ে পুরো পরিবারের হেঁটে অভিষেক কুচকাওয়াজে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে আলোচনা করেছিলেন মেলানিয়া। সে সময় তিনি বলেছিলেন, ‘আমি জানি ব্যারন বাইরে যাবে না। আর আমি সেই সিদ্ধান্তকে সম্মান জানাই।’বিশেষজ্ঞদের মতে, সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা ব্যারনকে প্রয়োজনীয় সুরক্ষা দিলেও একই সঙ্গে এটি তাঁর মধ্যে বাইরের জগতকে সম্ভাব্য বিপদের জায়গা হিসেবে দেখার অনুভূতি আরও জোরালো করতে পারে। নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে সম্ভাব্য ঝুঁকির কথা শোনা কিংবা শেষ মুহূর্তে ভ্রমণের পরিকল্পনা পরিবর্তনের মতো ঘটনাও তাঁর মধ্যে এই সচেতনতা আরও বাড়িয়ে দিতে পারে।