সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় এক বছর পর আবারও চালু হতে যাচ্ছে ইসিজি (ECG) সেবা। উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব দুলাল হোসেন খাঁনের নিজস্ব অর্থায়নে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে নতুন একটি ইসিজি মেশিন প্রদান করা হয়েছে।শনিবার (২৯ আগস্ট) দুপুরে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া ইসলাম তন্বীর হাতে ইসিজি মেশিনটি তুলে দেন আলহাজ্ব দুলাল হোসেন খাঁন।এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কৃষক দলের আহ্বায়ক আব্দুল কালাম আজাদ, যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা এবং রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইসিজি মেশিনটি বিকল থাকায় হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের ইসিজি পরীক্ষা করাতে ভোগান্তিতে পড়তে হচ্ছিল। অনেক রোগীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালের বাইরে যেতে হতো।নতুন ইসিজি মেশিনটি চালু হলে হৃদরোগ শনাক্তকরণসহ জরুরি চিকিৎসাসেবায় গতি আসবে এবং রোগীদের ভোগান্তি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।আলহাজ্ব দুলাল হোসেন খাঁন বলেন, রায়গঞ্জের সাধারণ মানুষের চিকিৎসাসেবা সহজ করতে নিজের সামর্থ্য অনুযায়ী এই উদ্যোগ নিয়েছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি সেবা চালু হলে স্থানীয় রোগীরা উপকৃত হবেন- এটাই তাঁর মূল উদ্দেশ্য।স্থানীয়রা দুলাল হোসেন খাঁনের নিজস্ব অর্থায়নে ইসিজি মেশিন প্রদানের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।#