বগুড়ায় ড্রেনের মাটি খুঁড়ে মিলল ৩৩৪ গুলি
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, সকাল ৭:৪৯ সময়
বগুড়া মহানগরের জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন ড্রেন সংস্কারের জন্য খননকাজ চালানোর সময় ৩৩৪টি গুলি উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে ড্রেনের মাটির ভেতর থেকে গুলিগুলো উদ্ধার করে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বগুড়া সিটি করপোরেশনের মাস্টার ড্রেন নির্মাণের জন্য শ্রমিকরা খননকাজ করছিলেন। একপর্যায়ে ড্রেনের দেয়ালের দক্ষিণ পাশের মাটির ভেতরে এক শ্রমিক ধাতব সদৃশ একটি বস্তু দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি থেকে গুলিগুলো উদ্ধার করে।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, খননকাজের সময় শ্রমিকরা মাটির ভেতরে গুলির কার্তুজগুলো দেখতে পান। সেখান থেকে মোট ৩৩৪টি গুলি উদ্ধার করা হয়েছে।তিনি আরও বলেন, উদ্ধার হওয়া গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়কার, নাকি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় থানার লুট হওয়া গুলি—তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।