নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুতে শোকাবহ পরিবেশ বিরাজ করছে দেশজুড়ে। শুক্রবার ৮৯ বছর বয়সে তাঁর মৃত্যুর পর শনিবার রাজধানী অসলোতে রাজপ্রাসাদের সামনে হাজারো মানুষ জড়ো হয়ে প্রয়াত রাজাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। রাষ্ট্রীয় মর্যাদায় রাজপ্রাসাদে রাখা হয়েছে তাঁর মরদেহ।রাজা হারাল্ড ১৯৯১ সালে নরওয়ের সিংহাসনে বসেন। তিন দশকেরও বেশি সময় দেশটির রাজা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘ শাসনামলে রাজতন্ত্রকে আধুনিক করার পাশাপাশি রাজপরিবারের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব কমানোর চেষ্টা করেন হারাল্ড। তাঁর মৃত্যুতে নরওয়েজুড়ে জাতীয় শোক পালিত হচ্ছে। বিভিন্ন স্থানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।শনিবার অসলোর প্রধান সড়ক কার্ল ইয়োহান দিয়ে রাজপ্রাসাদের দিকে মানুষের দীর্ঘ সারি দেখা যায়। শ্রদ্ধা জানাতে আসা অনেকের হাতে ছিল ফুল, হাতে লেখা বার্তা, প্রয়াত রাজার ছবি এবং ছোট নরওয়েজিয়ান পতাকা। অভিবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।প্রয়াত রাজার ছেলে ও নরওয়ের নতুন রাজা অষ্টম হাকন তাঁর প্রথম ভাষণে বাবাকে একজন ভালো বাবা ও উষ্ণ হৃদয়ের মানুষ হিসেবে স্মরণ করেন। বাবার হাসি, মানুষের প্রতি তাঁর সদাচরণ এবং পারিবারিক উষ্ণতা তিনি গভীরভাবে অনুভব করবেন বলে জানান হাকন।তিনি বলেন, নরওয়ে গণতন্ত্র, আইনের শাসন এবং প্রত্যেক মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে। বাবার পথ অনুসরণ করে নিজের মতো করে দেশকে নেতৃত্ব দেওয়ার অঙ্গীকারও করেন তিনি। তাঁর ভাষণ শেষ হলে প্রাসাদের বাইরে জড়ো হওয়া মানুষ করতালি দিয়ে নতুন রাজাকে স্বাগত জানান।হারাল্ডের মৃত্যুর সঙ্গে সঙ্গেই তাঁর ৫৩ বছর বয়সী ছেলে হাকন নরওয়ের সিংহাসনে বসেন। দেশটির নিয়ম অনুযায়ী নতুন রাজার জন্য আলাদা কোনো রাজ্যাভিষেক অনুষ্ঠান হবে না। নরওয়েতে ১৯০৮ সালে রাজ্যাভিষেকের প্রথা বাতিল করা হয়।নরওয়ের জাতীয় ঐক্যের প্রতীক হিসেবেও ব্যাপক জনপ্রিয় ছিলেন রাজা হারাল্ড। ২০১১ সালে দেশটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছিলেন। পরবর্তী সময়ে বন্যা, ঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশেও দাঁড়িয়েছেন তিনি।২০১৬ সালে দেওয়া এক ভাষণে নরওয়ের সমাজে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও যৌন পরিচয়ের মানুষের সহাবস্থানের পক্ষে অবস্থান নেন হারাল্ড। তাঁর উদার ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির কথাও শনিবার শোকাহত মানুষেরা স্মরণ করেন।রাজা হারাল্ডের শেষকৃত্যকে সামনে রেখে নরওয়েতে শোকপর্ব অব্যাহত থাকবে। অসলো ক্যাথেড্রালে তাঁর শেষ বিদায় অনুষ্ঠিত হওয়ার পর আকরশুস দুর্গের রাজকীয় সমাধিতে তাঁকে সমাহিত করার কথা রয়েছে।