চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
মোঃ রায়হান চৌধুরী, (নিজস্ব প্রতিবেদক)||
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, দুপুর ১০:৪৮ সময়
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে সোহাগ মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে।নিহত সোহাগ মিয়া চিমটিবিল এলাকার শফিক মিয়ার ছেলে বলে জানা গেছে।নিহতের চাচা আব্দুল কাদির জানান, প্রতিদিনের মতো সকালে সীমান্ত এলাকায় গরু আনতে গেলে বিএসএফ সদস্যরা সোহাগকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি চালান। এরপর একপর্যায়ে সোহাগকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।পরে সীমান্ত এলাকায় সোহাগকে পড়ে থাকতে দেখেন তার চাচা আব্দুল কাদিরসহ কয়েকজন। তারা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিরাজাম মুনিরা তাকে মৃত ঘোষণা করেন।পরে পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠিয়েছে।