২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত মুনাফা বেড়ে ২৫ হাজার ৯০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। আগের অর্থবছর ২০২৪-২৫ সালে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা ছিল ২২ হাজার ৬২০ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে ৩ হাজার ২৮০ কোটি টাকা।রোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মূল বেতনের ছয় গুণ প্রণোদনা বোনাস দেওয়ার প্রস্তাবও অনুমোদন করা হয়।জানা গেছে, অর্থনীতিতে মন্দাভাব থাকলেও গত অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা কার্যক্রম সক্রিয় ছিল। ব্যাংক খাতে তারল্যসংকট থাকায় বিভিন্ন ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে আগের তুলনায় বেশি অর্থ ধার করেছে। এতে বাংলাদেশ ব্যাংকের সুদ আয়ও বেড়েছে।এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি অংশ বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ করা রয়েছে। সেখান থেকেও ভালো মুনাফা এসেছে। এসব কারণে গত অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা বেড়েছে বলে জানা গেছে।তবে অর্থনীতিবিদরা বলছেন, কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ব্যাংক খাতের তদারকি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টি করাই এর মূল দায়িত্ব। অর্থনীতি ও ব্যাংক খাতের দুর্দশার কারণেই বাংলাদেশ ব্যাংকের মুনাফা এতটা বেড়েছে।তাদের মতে, মুনাফা অর্জনের জন্য কেন্দ্রীয় ব্যাংক যেন কোনোভাবেই তার মূল দায়িত্ব ও লক্ষ্য থেকে বিচ্যুত না হয়, তা নিশ্চিত করা জরুরি।এর আগে ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক প্রকৃত মুনাফা করেছিল প্রায় ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে নিট মুনাফার পরিমাণ ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা।