দীর্ঘ ১৪ বছরেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাদের পরিবার।সোমবার ট্রাইব্যুনালে এ অভিযোগ জমা দেওয়া হবে বলে জানিয়েছেন সাগর-রুনির ছেলে মাহির সরওয়ার মেঘ ও রুনির ভাই নওশের আলম রোমান।রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম জানান, অন্য একটি মামলার তদন্ত করতে গিয়ে কল ডিটেইল রেকর্ড (সিডিআর) পর্যালোচনায় সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার সূত্র পাওয়া গেছে। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।এরপরই ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান পরিবারের সদস্যরা। মেঘ বলেন, তিনি যথাযথ বিচার চান এবং নিরপরাধ কাউকে মামলায় জড়ানো হোক, সেটি চান না।রুনির ভাই রোমান বলেন, প্রকৃতপক্ষে কারা হত্যাকাণ্ডে জড়িত, তা যেন তদন্তের মাধ্যমে বেরিয়ে আসে। একই সঙ্গে দীর্ঘদিন তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।র্যাবের হাতে আটক ব্যক্তিদের মধ্যে যাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি, তাদের মুক্তির দাবিও জানান রোমান। পাশাপাশি তদন্তে নতুন করে যাদের নাম আসছে, তারা যাতে দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেলে তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। ঘটনাটি নিছক হত্যাকাণ্ড, নাকি ব্যাপক বিস্তৃত বা পদ্ধতিগত অপরাধের অংশ—সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তা নির্ধারণ করা হবে।ট্রাইব্যুনালের এখতিয়ারের মধ্যে পড়লে অভিযোগ গ্রহণ করা হবে। আর এখতিয়ারের বাইরে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। হত্যাকাণ্ডের ১৪ বছর পেরিয়ে গেলেও এখনো তদন্ত ও বিচার শেষ হয়নি।