দেশের অভ্যন্তরীণ রুটে একই দিনে বিমানভাড়া দ্বিগুণ বা তারও বেশি হওয়ার অভিযোগ তুলে তা সহনীয় পর্যায়ে রাখার উদ্যোগ নেওয়া হবে কি না—জাতীয় সংসদে এমন প্রশ্ন তুলেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান।রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে সম্পূরক প্রশ্নে তিনি এ বিষয়টি তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।মজিবুর রহমান বলেন, দেশের অভ্যন্তরীণ রুটে সকালে যেখানে বিমানভাড়া ৬ হাজার টাকা, বিকেলে একই টিকিটের দাম ১২ হাজার টাকা বা তারও বেশি হয়ে যাচ্ছে। তাঁর মতে, এভাবে ভাড়া দ্বিগুণ বা তিনগুণ হওয়া অস্বাভাবিক ও অসহনীয়।তিনি বিমানভাড়া একটি সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকারের উদ্যোগ কামনা করেন।জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ঢাকা-চট্টগ্রাম রুটে যাওয়া-আসার টিকিটের মূল্য ১২ হাজার টাকা নয়। নির্ধারিত টিকিটের মূল্য ৬ হাজার ৪০০ টাকা।মন্ত্রী জানান, টিকিটের মূল্যের সঙ্গে প্রায় ১৫ শতাংশ সরকারি করসহ অন্যান্য কর যুক্ত রয়েছে। শেষ মুহূর্তে টিকিটের কালোবাজারি ঠেকাতেও ব্যবস্থা নেওয়া হয়েছে।তিনি বলেন, ফ্লাইট ছাড়ার আগে শেষ মুহূর্তে কিছু ব্যক্তি টিকিট কালোবাজারির চেষ্টা করেন। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে নির্ধারিত মূল্যেই যাত্রীরা টিকিট কিনতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।মন্ত্রী আরও বলেন, তাঁর প্রত্যক্ষ তদারকিতে টিকিটের নির্ধারিত মূল্য নিশ্চিত করা হবে এবং যাত্রীদের অতিরিক্ত দামে টিকিট কিনতে হবে না।