সফল করতে কেন্দ্রীয় নেতাদের বৈঠকগণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে প্রস্তুতিমূলক বৈঠক করেছে জামায়াতে ইসলামী।রোববার (৩০ আগস্ট) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এতে সভাপতিত্ব করেন।বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৈঠকে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ১১ দলীয় জোটের লংমার্চ সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে বিভিন্ন বিভাগ ও সাংগঠনিক ইউনিটের প্রস্তুতির অগ্রগতিও পর্যালোচনা করা হয়।সভায় জানানো হয়, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে সমাবেশের মাধ্যমে লংমার্চ শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করেন নেতারা।বৈঠক থেকে দেশবাসীর প্রতি লংমার্চে অংশ নিয়ে কর্মসূচি সফল করার এবং জনগণের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানানো হয়।বৈঠকে আরও উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় অফিস সেক্রেটারি মাওলানা আব্দুস সাত্তার ও মোহাম্মদ জাহিদুর রহমান।
এ ছাড়া কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. কামাল হোসেন এমপি, ডা. ফখরুদ্দিন মানিক, আতাউর রহমান সরকার, এনডিএফ নেতা ডা. মাহমুদ হোসেন, শিল্পী সাইফুল্লাহ মানছুর, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ডা. জিএম ফারুকসহ সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগ, প্রচার, আইটি, চিকিৎসা বিভাগসহ বিভিন্ন বিভাগের দায়িত্বশীলরা বৈঠকে অংশ নেন।