ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন। সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বর্তমান জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি। এ সময় চলচ্চিত্রে আর ফেরার সম্ভাবনা নেই—এমনই ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী। জীবনের বাকি সময়টা শান্তি ও ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে চান বলেও জানিয়েছেন পপি।নিজের বর্তমান জীবনভাবনা প্রসঙ্গে পপি বলেন, “সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ-খোদার নাম নিতে চাই। যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।”তার এই বক্তব্যে অভিনয়জীবন থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার পাশাপাশি জীবনের পরবর্তী সময় ধর্মীয় অনুশীলন ও মানসিক প্রশান্তির মধ্যে কাটানোর আকাঙ্ক্ষাই প্রকাশ পেয়েছে।১৯৯৫ সালে ‘লাক্স আনন্দচিত্রা ফটো সুন্দরী’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিনোদন জগতে পা রাখেন খুলনার মেয়ে পপি। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে ১৯৯৭ সালের ১৬ মে বড় পর্দায় অভিষেক হয় তার।দীর্ঘ অভিনয়জীবনে পপি অসংখ্য ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘কারাগার’, ‘মেঘের কোলে রোদ’ ও ‘গঙ্গাযাত্রা’। এর মধ্যে ‘কারাগার’ সিনেমার জন্য প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পান তিনি।এ ছাড়া ‘আমার ঘর আমার বেহেস্ত’, ‘দরদী সন্তান’, ‘চারিদিকে শত্রু’, ‘বিদ্রোহ চারিদিকে’, ‘লাল বাদশা’, ‘ক্ষ্যাপা বাসু’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘রানী কুঠির বাকী ইতিহাস’, ‘কী যাদু করিলা’ ও ‘বস্তির রানী সুরিয়া’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন পপি।ব্যক্তিগত জীবনে কয়েক বছর আগে ব্যবসায়ী আদনানকে বিয়ে করেন এই চিত্রনায়িকা। বর্তমানে স্বামী ও একমাত্র ছেলে আয়াতকে নিয়ে পারিবারিক জীবন কাটাচ্ছেন তিনি।