স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ: বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি-সম্পাদক বহিষ্কার
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, দুপুর ২:৩৬ সময়
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর পাঠানো স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।সোমবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিমানবন্দর থানা ছাত্রদলের ওই দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।এর আগে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে করা একটি মামলায় বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট মো. সুমন নামে এক ব্যক্তি বিমানবন্দর থানায় ছাত্রদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, তার বড় ভাই মালয়েশিয়াপ্রবাসী। গত ২৮ আগস্ট তিনি বোনের বিয়ে এবং পরিবারের ব্যবহারের জন্য মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান।পরে সুমন তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে বিমানবন্দর থেকে তার বড় ভাইয়ের পরিচিত এক ব্যক্তির কাছ থেকে ওই স্বর্ণালংকার গ্রহণ করেন। সেখান থেকে মাইক্রোবাসে করে যাওয়ার সময় মামলার আসামিরা স্বর্ণালংকার ছিনিয়ে নেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।ঘটনার পর অভিযান চালিয়ে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজনকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।