জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও ভ্রাতৃত্ববোধের চেতনা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ।তিনি বলেছেন, কাজী নজরুল ইসলাম সবসময় সাম্যের কথা বলেছেন। তাঁর ‘মানুষ’ কবিতায় ধর্ম-বর্ণের ঊর্ধ্বে মানবতার জয়গান গাওয়া হয়েছে। তাই নজরুলের নীতি, আদর্শ ও সাম্যবাদের চেতনা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।সোমবার (৩১ আগস্ট) ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপন উপলক্ষে বরিশাল শিল্পকলা একাডেমিতে শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিভাগীয় কমিশনার বলেন, ‘সমতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে দেশকে এগিয়ে নেওয়াই আমাদের প্রত্যয় হওয়া উচিত।’ একই সঙ্গে নতুন প্রজন্মকে নজরুলের গান, কবিতা ও সাহিত্যকর্মের সঙ্গে পরিচিত করে তুলতে হবে এবং তাদের নজরুলচর্চায় উদ্বুদ্ধ করতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী হোসনে আরা, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আঃ জব্বার, জেলা কালচারাল অফিসার তানভীর রহমানসহ সাংস্কৃতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও নজরুলপ্রেমীরা।উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‘চল্ চল্ চল্’, ‘দুর্গম গিরি কান্তার মরু’ এবং ‘একি অপরূপ রূপে মা তোমার’—এই তিনটি গান সমবেতকণ্ঠে পরিবেশন করা হয়।দেশব্যাপী চলবে প্রতিযোগিতা‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপনের অংশ হিসেবে দেশব্যাপী স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এই সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।আয়োজকদের তথ্য অনুযায়ী, তৃণমূল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক প্রতিযোগিতা চলবে ২ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর সিটি করপোরেশন ও উপজেলা পর্যায়ে ১৩ থেকে ২২ সেপ্টেম্বর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ধারাবাহিকভাবে ১ থেকে ৮ অক্টোবর এবং ১৩ থেকে ১৫ অক্টোবর। তৃণমূল পর্যায়ের বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৭ থেকে ২৯ অক্টোবর জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে।