হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,২৩১
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:২৩ সময়
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৯ শিশু। আর পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৭২ শিশুর। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৩১ শিশু।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ ও হাম নিয়ে মোট ৯৭৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। বাকি ৮৮০ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।এ সময়ে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৫৩৪ শিশু।মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ১ লাখ ৫৯ হাজার ১৫০ শিশু। একই সময়ে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১৯ হাজার ৩৮৪ শিশুর। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৫১৯ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ শিশু।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয় শিশুর মধ্যে ঢাকা, সিলেট ও বরিশাল বিভাগের দুইজন করে রয়েছে।এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গের রোগী শনাক্তের দিক থেকে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৩০ জন রোগী পাওয়া গেছে। তাঁদের মধ্যে ৫৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।