প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সৌদি আলোচনা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৪২ সময়
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণ ও কোর্স বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফর বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।বুধবার ঢাকার সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।সাক্ষাতে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।বৈঠকে দুই দেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বাড়াতে উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচি এবং কোর্স বিনিময় আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের সঙ্গে সৌদি আরবের শীর্ষ সামরিক একাডেমিগুলোর সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি মানবিক সংকট মোকাবিলায় দুই দেশের দুর্যোগ ব্যবস্থাপনার অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত সক্ষমতা বিনিময়ের বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।দুই দেশের সশস্ত্র বাহিনীর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নিয়মিত সফর বিনিময়ের মাধ্যমে বিদ্যমান কৌশলগত ও সামরিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার আশাবাদও ব্যক্ত করা হয়।