কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, একটি মিডিয়া গ্রুপের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক বক্তব্য দেওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর বিরুদ্ধে ১০৯টি উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করা হয়েছে। তবে বিদ্যমান আইনের সীমাবদ্ধতার কারণে এসব সংবাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলে তিনি জানিয়েছেন।বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের অধিবেশন অনুষ্ঠিত হয়।হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমান প্রেস কাউন্সিলের বিধান অনুযায়ী মূলত প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত অপতথ্য বা বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে অভিযোগ করার সুযোগ রয়েছে। এ সুযোগের সীমাবদ্ধতা কাজে লাগিয়ে প্রিন্ট মিডিয়ার মালিকানাধীন অনলাইন পোর্টালগুলোতে ব্যক্তিকে লক্ষ্য করে অপতথ্য ছড়ানো হলেও সেগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।তিনি বলেন, বিরোধী দলের সদস্যদের লক্ষ্য করে নিয়মিত এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। অনলাইন মাধ্যমে ছড়ানো এসব অপতথ্যের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে কীভাবে প্রতিকার পাওয়া যাবে এবং এ বিষয়ে বিদ্যমান আইন সংশোধনের কোনো উদ্যোগ নেওয়া হবে কি না—এ বিষয়ে তিনি সরকারের কাছে জানতে চান।জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, শুধু বিরোধী দলের সদস্যরাই নন, সাধারণ মানুষ, সরকারি দলের বিভিন্ন সদস্য এমনকি প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নিয়েও ঢালাওভাবে আক্রমণাত্মক ও অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।প্রতিমন্ত্রী বলেন, প্রেস কাউন্সিলকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইন পোর্টালের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।