শিল্পকলায় তিন দিনের জাদু প্রশিক্ষণ, ৫ সেপ্টেম্বর ‘জাদুসন্ধ্যা’
প্রথম দর্পণ, বিনোদন ডেক্স||
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৩:৬ সময়
সংস্কৃতিচর্চাকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী ‘জাদু প্রশিক্ষণ কর্মশালা’। কর্মশালার সমাপনী দিনে অনুষ্ঠিত হবে বিশেষ আয়োজন ‘জাদুসন্ধ্যা’।আগামী ৩ থেকে ৫ সেপ্টেম্বর জাতীয় সংগীত, নৃত্য ও আবৃত্তি ভবনের ১০৫ নম্বর মহড়া কক্ষে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে জাদু প্রশিক্ষণ কর্মশালা। এতে মনোনীত ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেবেন।কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন জাদুশিল্পী শাহীন শাহ্। প্রশিক্ষক হিসেবে থাকছেন আবু সাদাত মো. মামুন। এ ছাড়া জাদুশিল্পের ভাষাশৈলী বিষয়ে দিকনির্দেশনা দেবেন সারমিন সুলতানা ইসলাম।কর্মশালার শেষ দিন ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘জাদুসন্ধ্যা’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায়চৌধুরী এমপি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। স্বাগত বক্তব্য দেবেন কর্মশালার মুখ্য প্রশিক্ষক শাহীন শাহ্। ধন্যবাদ জ্ঞাপন করবেন শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক শাহীন দিল-রিয়াজ।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘জাদুসন্ধ্যা’য় সাধারণ দর্শক ও সংস্কৃতিপ্রেমীদের জন্য প্রদর্শনী উপভোগের সুযোগ উন্মুক্ত থাকবে।