ইসরাইলকে রক্ষা করতেই ইরানের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:২৫ সময়
সম্ভাব্য হামলা থেকে ইসরাইলকে রক্ষা করতেই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে লড়াই করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেও ইরানে অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি।ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্য ও ইসরাইলকে সহায়তার পাশাপাশি নিজেদের স্বার্থেই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে লড়াই করছে। তার ভাষ্য, ইসরাইল ধ্বংস হলে এরপর ইরান মধ্যপ্রাচ্য এবং পরবর্তী সময়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরের দিকে অগ্রসর হবে।ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘খুব ভালো করছে’ বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।এর আগে তেহরানের সঙ্গে নতুন করে উত্তেজনা নিয়ে ইসরাইলের জনগণকে আশ্বস্ত করেন ট্রাম্প। ইসরাইলি সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইলের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তিনি প্রেসিডেন্ট হিসেবে ইসরাইলের নিরাপত্তার বিষয়টি দেখভাল করবেন বলেও জানান।প্রায় এক মাসের যুদ্ধবিরতির পর ইরান ও ইসরাইলকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে ট্রাম্প এসব মন্তব্য করলেন।সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ইরানের লারাক দ্বীপে থাকা রকেট উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলা চালায়। এর জবাবে তেহরান জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।ইসরাইলের নিরাপত্তা নিয়ে ট্রাম্পের এসব প্রকাশ্য বক্তব্যে যুক্তরাষ্ট্র-ইসরাইল দীর্ঘদিনের জোটের পাশাপাশি ইসরাইলের নিরাপত্তার প্রতি তার ব্যক্তিগত অঙ্গীকারও প্রতিফলিত হচ্ছে। এর আগে একাধিকবার ট্রাম্প বলেছেন, তিনি না থাকলে ইসরাইল টিকে থাকত না।