লর্ডসে বাংলাদেশের টেস্টের টিকিটে আট মাস আগেই আবেদন শুরু
প্রথম দর্পণ, স্পোর্টস ডেক্স||
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩০ সময়
ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট ম্যাচের টিকিটের জন্য আট মাসেরও বেশি সময় আগে আবেদন নেওয়া শুরু হয়েছে। ২০২৭ সালের ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত লর্ডসে অনুষ্ঠিত হবে দুই দলের এই টেস্ট।লর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৭ সালের আন্তর্জাতিক ম্যাচগুলোর টিকিট পেতে সাধারণ দর্শকদের জন্য ব্যালট আবেদন ইতোমধ্যে উন্মুক্ত করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।প্রথম ধাপে নির্বাচিত দর্শকদের নভেম্বরের শুরুতে ই-মেইলের মাধ্যমে জানানো হবে। নির্বাচিতরা ১৭ নভেম্বর পর্যন্ত নির্ধারিত সময়ে টিকিট কেনার সুযোগ পাবেন। এরপর ১০ ডিসেম্বর থেকে শুরু হবে সাধারণভাবে টিকিট বিক্রি।ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের সর্বশেষ টেস্ট হয়েছিল ২০১০ সালে। দীর্ঘ ১৭ বছর পর আবারও লর্ডসে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ক্রিকেটের ঐতিহ্যবাহী এই ভেন্যুটি বাংলাদেশের জন্যও বিশেষ স্মৃতিবহ।২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৯৪ বলে টেস্ট সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। তাঁর সেই সেঞ্চুরির পর উদযাপনের দৃশ্য বাংলাদেশের ক্রিকেটের স্মরণীয় মুহূর্তগুলোর একটি হয়ে আছে।বাংলাদেশ ও ইংল্যান্ড সর্বশেষ টেস্টে মুখোমুখি হয়েছিল ২০১৬ সালে বাংলাদেশের মাটিতে। দুই ম্যাচের সেই সিরিজ ১-১ সমতায় শেষ হয়। চট্টগ্রামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১০৮ রানে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ।